মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জ্বালানি তেলের দাম বাড়বে না সরকার:বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪০

সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার মধ্যেই বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, দেশেও তেলের কোনো সংকট নেই এবং যে উদ্বেগ তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে। সরকার ইতোমধ্যে এপ্রিল-মে মাসের পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করছে। তেলের বিকল্প উৎস হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চলছে।

তিনি আরও জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে আমদানি বাড়াতে। একই সঙ্গে কিছু অঞ্চলে পাম্পে দীর্ঘ লাইনের সমস্যা দেখা দিয়েছে, যার যৌক্তিক কারণ নেই।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল আসছে। বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছাবে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন করে তেল পাম্পিং করা হচ্ছে, যা সম্পূর্ণ হতে প্রায় ৪৪ ঘণ্টা সময় লাগবে।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মহানগর এলাকায় রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় রাইড শেয়ারিং ভাউচার বা অ্যাপের তথ্য দেখাতে হবে। প্রতিবার জ্বালানি নেওয়ার সময় আগের ক্রয়ের রসিদ বা বিল জমা দিতে হবে এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে তেল সরবরাহ করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে এবং সংকটের সময়ে অতিরিক্ত মুনাফা নেওয়ার সুযোগ নেই। এছাড়া ডিজেল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে পূর্বের সীমারেখাও বহাল থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top