পটুয়াখালীতে গৃহবধূকে খালে ফেলে হত্যাচেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪৩
পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার নামের এক গৃহবধূকে মুখ বেঁধে খালের পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবিনা আক্তার অভিযোগ করেন, কয়েকদিন ধরে তার স্বামী বাদল হাওলাদার ও শ্বশুর শহীদ হাওলাদার-সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার দাম্পত্য ও পারিবারিক বিরোধ চলছিল।
তিনি বলেন, “মঙ্গলবার ভোরে সেহরি ও নামাজের জন্য ঘরের বাইরে বের হওয়ার সময় ৪-৫ জন পেছন থেকে এসে আমার মুখ বেঁধে জোর করে খালে ফেলে দেয় এবং ডুবিয়ে মারার চেষ্টা করে। এতে আমি অচেতন হয়ে যাই।”
রুবিনার স্বামী বাদল হাওলাদার অভিযোগ করেছেন, তার পরিবার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বর্তমানে স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে গেছেন।
অপর দিকে, শ্বশুর শহীদ হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, “আমি সব জমি লিখে দিয়েছি, কিন্তু তাদের আমার থাকার জায়গা থেকে সরানোর মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমি এই হত্যাচেষ্টার বিষয়ে কিছু জানি না।”
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।