বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:১৭

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত এই পবিত্র প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬শে মার্চের মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরই রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিবসের প্রস্তুতি হিসেবে কয়েকদিন দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয়।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে দর্শনার্থীদের স্মৃতিসৌধ এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ভিআইপি শ্রদ্ধা নিবেদন শেষে ২৬শে মার্চ সকালেই সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top