শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:৪৭

ছবি: সংগৃহীত

ভাবুক কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময় কৃষ্ণ দাসের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চিন্ময়ের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে এবং তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, মাজার ভাঙার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অতীতের মতো বর্তমান সরকারকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা নিতে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, দেশে যেন আর কোনো মাজার ভাঙার ঘটনা না ঘটে, সেটি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করছে। মাজার ভাঙাকে তিনি ফৌজদারি অপরাধ উল্লেখ করে বলেন, এ ধরনের কাজে জড়িতরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

মাজার ভাঙার ঘটনায় স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। এতে সরকারের অবস্থান পরিষ্কার হবে বলেও মন্তব্য করেন।

সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংস্কৃতির ভেতরে কীর্তন, বাউল গান, সাধকদের গান ও ওয়াজ—সবই অন্তর্ভুক্ত। এসব চর্চা অব্যাহত রাখা ইতিবাচক দিক বলে উল্লেখ করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, মতবিরোধ থাকলে তা প্রকাশের জন্য গান, ওয়াজ বা বক্তব্যের পথ বেছে নেওয়া উচিত। কোনো পক্ষকে দমন বা নির্যাতন করা আইনবিরোধী কাজ।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সস্তা জনপ্রিয়তার রাজনীতির কারণে প্রায়ই কাউকে ‘ভারতের দালাল’ বা বিভিন্ন সংগঠনের দালাল বলে আখ্যা দেওয়া হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত দেখানোর চেষ্টা করা হয়েছে, যদিও বাস্তবে তার সঙ্গে ওই সংগঠনের বিরোধ রয়েছে।

তিনি অভিযোগ করেন, চিন্ময়ের জামিন পাওয়ার সুযোগও বাধাগ্রস্ত করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনজীবী দেওয়া হয়নি। এমনকি তিনি কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা অন্যায়।

তবে আইনজীবী হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত, কিন্তু সেই দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদির শাহ পাঠাগারের উপদেষ্টা খালিদ সাহিদ বিদ্যুৎ। পরে রাতব্যাপী আধ্যাত্মিক ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top