শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:৩৩

সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এক শোকবার্তায় স্পিকার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি বার্তায় উল্লেখ করেছেন, “শিক্ষা খাতে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।” তিনি আরও বলেন, মরহুমা শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে একজন প্রেরণাদায়ক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মরহুমার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশে আনা হবে। সোমবার (৩০ মার্চ) তার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হবে। প্রথম জানাজা সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে, এবং জানাজার পর তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষা, সমাজসেবা এবং মানবিক কর্মকাণ্ডে তার অবদান দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমাকে একজন প্রেরণাদায়ক শিক্ষাবিদ এবং সমাজসেবী হিসেবে স্মরণ করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top