মধ্যরাতে বাঘাবাড়ী ওয়েল ডিপো পরিদর্শনে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:০২
মধ্যরাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে তিনি বাসা থেকে বের হন, এমনকি প্রটোকলের পুলিশকর্মীরাও তার গন্তব্য জানতেন না। মন্ত্রী জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গাড়ির বহরে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাত পৌনে ১টার দিকে ডিপোতে পৌঁছান।
ডিপোর প্রধান ফটক তখন বন্ধ ছিল। পুলিশের ডাকে ফটক খুলে দেন গেটম্যান। ডিপোর দায়িত্বে থাকা কর্মকর্তা খবর পেয়ে ঘুম থেকে উঠে এসে মন্ত্রীকে দেখতে পান। মন্ত্রী ডিপো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং সরাসরি কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দেশে তেলের কোনো সংকট নেই। সব ডিপোতে তেল সরবরাহ হচ্ছে এবং পাম্পে ঠিকমতো পৌঁছে যাচ্ছে। তিনি প্রত্যেক ডিপো ইনচার্জকে নির্দেশ দেন, যেন কোনো পাম্পে তেল না যায় এমন ঘটনা না ঘটে। এছাড়া মন্ত্রী গভীর রাতে ডিপো পরিদর্শন করে সিন্ডিকেট বা চোরাকারবারি রয়েছে কিনা তা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
প্রসঙ্গত, বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।