মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৬:৪৭

সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধান অতিথি ছিলেন নিজেই এবং উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্যা মোকাবিলার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে এবং পরবর্তী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, খাল খননের জন্য সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে জনস্বার্থ বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পানি শুধু জীবনের উৎস নয়, এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। মন্ত্রী জোর দেন, বন্যা ও খরার প্রভাব কমাতে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা জরুরি।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, পানি মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে যুক্ত। দেশের উত্তরাঞ্চলকে মরুভূমি এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. এ, কে এম শাহাবুদ্দিন। প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। অনলাইনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top