রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৩০ উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে হাম-রুবেলা টিকাদান শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩

ছবি: সংগৃহীত

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

ঢাকার নবাবগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, হামের সংক্রমণ রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। যারা আগে নিয়মিত টিকা পায়নি, তারাও এই কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে। এমনকি পূর্বে টিকা নেওয়া শিশুরাও ঝুঁকি বিবেচনায় পুনরায় টিকা গ্রহণ করতে পারবে।

টিকা নিতে আসা শিশুদের আগে নিবন্ধন করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এমআর টিকার একটি ডোজ নেওয়ার এক মাস পর নিয়মিত টিকাদান কর্মসূচির অন্যান্য টিকা নেওয়া যাবে।

এদিকে, যেসব শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যাচ্ছে, তাদের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে, যাতে জটিলতা কমানো যায়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সম্প্রতি সেখানে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top