বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সরকার মব জাস্টিসকে প্রশ্রয় দিয়েছে:ডা. জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৬

সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় গণপিটুনি বা মব জাস্টিসের মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়ায় সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। তিনি সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, অতীতে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে—যেন কেউ ইচ্ছা করলেই অন্যকে শাস্তি দিতে পারে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও কাউকে শারীরিকভাবে আঘাত করা বা হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়।

প্রশাসনিক কিছু সীমাবদ্ধতা থাকতে পারে স্বীকার করে তিনি জানান, সেগুলো দূর করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকার পরিকল্পিত বা সংগঠিত সহিংসতা কঠোরভাবে দমন করবে জানিয়ে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে—গণপিটুনির মাধ্যমে নয়। পাশাপাশি, যেকোনো অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top