জ্বালানি তেল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাস ও মিনিবাসের ভাড়া বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।
এ বিষয়ে আজ সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাবনা উপস্থাপন করবে। পরে এ প্রস্তাবে অনুমোদন দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এর আগে রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বাড়ানোর হিসাব করা হয়। সেই হিসাবে সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে।
বর্তমানে দেশের দূরপাল্লার বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
তবে এসি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ মালবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এদিকে সম্ভাব্য ভাড়া বৃদ্ধির খবরে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।