শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে: জিএম কাদের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, তবে সেটি ছিল শুধুই খোঁজখবর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। “উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন—এই ধরনের কথা হয়েছে,” বলেন তিনি।
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কি না—এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান জাপা চেয়ারম্যান।
তিনি বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”
এদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গে জিএম কাদের অভিযোগ করেন, দলটি তাদের ভোটব্যাংকের দিকে নজর দিচ্ছে। তিনি বলেন, “হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন—এ নিয়ে আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নিতে চায়।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ নয় এবং বিএনপির ক্ষেত্রেও সে সুযোগ নেই বলে মনে করেন তারা।
এনসিপির নীতির সমালোচনা করে জিএম কাদের বলেন, “তাদের অবস্থান ডাবল স্ট্যান্ডার্ডের মতো। আগে যাদের দোসর বা অপরাধী বলা হতো, এখন তারা দলে যোগ দিলে সব মাফ—এটা গ্রহণযোগ্য নয়।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।