জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০২
জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পাম্পের পাশের রাস্তায় আগের মতো ভিড় নেই। ২৭ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল মজুত ছিল ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন। ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে। একইভাবে পেট্রোল ও অকটেনেরও পর্যাপ্ত মজুত রয়েছে। তাই জ্বালানি তেল নিয়ে সংকটের কোনো আশঙ্কা নেই।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। সরকারের জিরো টলারেন্স নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, গত দুই মাসে সীমান্তে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে এবং মাদক ও চোরাচালান জব্দ অভিযানেও ৪০ শতাংশ সাফল্য বৃদ্ধি পেয়েছে। সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, সরকার জঙ্গিবাদ দমনে সতর্ক অবস্থানে রয়েছে। কেউ কেউ অতীতে বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও বর্তমানে তাদের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। দেশকে শরিয়াভিত্তিক রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা সম্পর্কিত একটি অংশের তৎপরতার কথাও তিনি উল্লেখ করেন, তবে সরকার এসব বিষয়ে কঠোর অবস্থানে আছে বলে জানান।
তিনি আরও বলেন, ভুল তথ্য ও অপতথ্য ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।
অন্যান্য বিষয়ে তিনি জানান, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এখন পর্যন্ত ৯৪ লাখের বেশি শিশু টিকা পেয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং পরিস্থিতি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত তথ্য দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।