বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

ছবি: সংগৃহীত

নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটার নিবন্ধনের সময় নির্ধারিত ফরম-২, ফরম-৩, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, এসএসসি বা সমমানের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রমাণপত্র সংযুক্ত করতে হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে জন্মতারিখ যাচাইয়ে এসব সনদের গুরুত্ব অপরিসীম।

তবে সম্প্রতি দেখা গেছে, অনেক ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হলেও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলো এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে যুক্ত করছে না। এর ফলে পরবর্তীতে তথ্য সংশোধনের সময় জটিলতা সৃষ্টি হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ছেন। এমনকি কিছু ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন তিন দফা নির্দেশনা দিয়েছে-

প্রথমত, নিবন্ধনের সময় আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে তার এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখসহ) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

দ্বিতীয়ত, আবেদনকারী উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করতে হবে।

তৃতীয়ত, সিনিয়র জেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত অফিস পরিদর্শন ও নমুনাভিত্তিক তদারকির মাধ্যমে এ কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top