১৯৭৮ সালে গঠিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন এটিএম আজহারের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করলেও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
আজহারুল ইসলাম বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে। অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে। এ অবস্থায় বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে- এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন, যা উল্লেখযোগ্য। তবে সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি জানতে চান, এমন মনোনয়ন দেওয়ার কারণ কী। এটি কি দলের দুর্বলতা, নাকি উপযুক্ত নারী প্রার্থী খুঁজে না পাওয়ার ফল এমন প্রশ্ন রাখেন তিনি। পাশাপাশি কোনো বিশেষ শক্তিকে সন্তুষ্ট করা বা তাদের সহায়তায় ক্ষমতায় থাকার চেষ্টা রয়েছে কি না, সে বিষয়েও তিনি ইঙ্গিত দেন।
এ ছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়। তবে তারা অবশ্যই জান্নাতে যেতে চান এবং তাদের আন্দোলনের লক্ষ্যও সেটিই। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, অন্যরা কি জান্নাতে যেতে চান না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।