বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনমনে উৎসবের আমেজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:০৯

সংগৃহীত

সিলেটে আসন্ন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২ মে নির্ধারিত এ সফর সফল করতে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ ও আগ্রহ।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটবাসী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের মানুষ সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্বাগত জানাতে আগ্রহী। প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় এ সফর ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়েছে। ইতোমধ্যে স্টেডিয়ামসহ সফরের বিভিন্ন স্থান সাজানো ও প্রস্তুত করা হচ্ছে।

সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মিফতাহ্ সিদ্দিকী।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া জেলা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান এবং স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে সিলেটের অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top