বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা, ভারতীয় প্রতিনিধিকে ডেকে প্রতিবাদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২০:২২

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় প্রতিনিধিকে ডেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসাম মুখ্যমন্ত্রীর একটি সাক্ষাৎকার সরকারের নজরে আসার পর সেটিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অবমাননাকর ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিশেষ করে কথিত অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো বা ‘পুশব্যাক’ প্রসঙ্গে তার উত্থাপিত দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এমন স্পর্শকাতর দ্বিপাক্ষিক বিষয়ে প্রমাণবিহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত ইস্যু আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top