বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ফুল দেওয়া শিশুর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার, আবেগে ভাসলো পরিবার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

সংগৃহীত

যশোরে সফরের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরকে ভুলে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে তার পক্ষ থেকে শিশুটির পরিবারের কাছে উপহার পাঠানো হয়েছে, যা পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন শিশুটির বাবা-মা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাসায় গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার তুলে দেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল যশোর সফরে যান তারেক রহমান। ওই দিন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে ফুল হাতে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা। শিশুটিকে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে তাদের কাছে যান, কথা বলেন এবং ছবি তোলেন।

ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও সেই মুহূর্ত ভোলেননি তিনি। বরং শিশুটির জন্য বাড়িতে উপহার পাঠিয়ে আরও একবার ভালোবাসার প্রকাশ ঘটান।

শিশুটির মা আফরোজ খানম নিলিমা আবেগাপ্লুত হয়ে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন সম্মান পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য।”

তিনি আরও বলেন, “আমি কল্পনাও করিনি, তিনি আমার সন্তানকে দেখে গাড়ি থেকে নেমে আসবেন। এটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।”

শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, “প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশা থেকেই আমার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ যেটা হলো, সেটা আমাদের জীবনের বড় প্রাপ্তি।”

একটি ছোট্ট মুহূর্ত থেকেই তৈরি হওয়া এই গল্প এখন ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে—যেখানে একজন রাষ্ট্রনেতার মানবিক আচরণ ছুঁয়ে গেছে একটি সাধারণ পরিবারের হৃদয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top