একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মাজারে যান তিনি।
সিলেটে পৌঁছানোর সময় বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে মাজার জিয়ারত সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। পরে নগরের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
জেলা পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নেওয়া এই উদ্যোগটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। এছাড়া বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গী হয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।