বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুত্রের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৭:০৩
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে লিমন মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা গোফফার আলী নিজের জমি থেকে বোরো ধান আনতে আখিরা নদী সাঁতরে পার হচ্ছিলেন। নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন।
বাবার বিপদের কথা শুনে তীরে থাকা তার ছেলে লিমন মিয়া দ্রুত নদীতে ঝাঁপ দেন। তবে সাঁতারে দক্ষ না হওয়ায় তিনি বাবার কাছে পৌঁছানোর আগেই তীব্র স্রোতে ভেসে গিয়ে পানির নিচে তলিয়ে যান।
পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, লিমন মিয়া সদ্য বিবাহিত ছিলেন এবং তিনি এক সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।