ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:৪৪
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিভিন্ন দেশে ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, জিলকদ মাসের ২৯তম দিন ১৬ মে এবং ৩০তম দিন ১৭ মে হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে মাসটি ৩০ দিনে পূর্ণ হয়ে পরের দিন থেকে জিলহজ মাস শুরু হতে পারে।
জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সৌদি আরবের মতো একই সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপিত হতে পারে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদ উদযাপন নিয়ে মুসলিম জীবনধারাভিত্তিক একটি প্ল্যাটফর্ম জানিয়েছে, সেখানে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে।
এদিকে বাংলাদেশেও ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক যানজটমুক্ত রাখা, পশুর হাট ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার মতো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে হিসাবে বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।