যেখানে সেখানে পশুর হাট বসানো যাবে না:স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৫২

সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশন—ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—নির্ধারিত স্থানেই পশুর হাট বসানো হবে। যত্রতত্র হাট বসানো হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ঈদকে কেন্দ্র করে যানজট নিরসন, পশুর হাট ব্যবস্থাপনা, মহাসড়ক, রেল ও নৌপথের সার্বিক প্রস্তুতি, চামড়া ব্যবস্থাপনা ও মূল্য নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রতি বছর গাবতলী এলাকায় পশুর হাটকে ঘিরে তীব্র যানজট সৃষ্টি হয়, যা ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ায়। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিটি করপোরেশনের সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইজারাদারদেরও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, পশুর হাটে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।

এছাড়াও হাট এলাকায় ওয়াচ টাওয়ার স্থাপন এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top