মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বুকের পাটা থাকলে মসজিদের সামনে শালিস বসান আমার নামে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৩

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

নব্য প্রার্থীদের উদ্দেশে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বা মিথ্যা অপপ্রচার চালিয়ে নেতা হওয়া যায় না। জীবনের নানা কঠিন পথ পেরিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে একটি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আপনারা যদি মুসলমান হন আর বুকের পাটা থাকে, তাহলে বায়তুল মোকাররম মসজিদের সামনে আমার নামে শালিস বসান। আমার কোনো আপত্তি নেই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে।”

নিজের জীবনের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তার বয়স এখন ৭৫ বছর। চুরি-ডাকাতির মাধ্যমে নয়, বরং নিজের শ্রম ও পরিশ্রমের মাধ্যমেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি জানান, ১৯৭৪ সালে কন্ট্রাক্টরির কাজ শুরু করেন এবং একসময় বৈদ্যুতিক ঠিকাদার হিসেবেও কাজ করেছেন। বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে বিদ্যুতের কাজ- সবই তিনি নিজ হাতে করতে জানেন বলে উল্লেখ করেন।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর আর প্রচারে থাকা যায়।” প্রচারের জন্য মিথ্যা অভিযোগের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া তিনি জানান, ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। তার দাবি, এত দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top