মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ইচ্ছা করলে বুড়িগঙ্গার পানি খান, তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৭

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপি ও ১১–দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মাদক সেবনের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, “যদি কারও বেশি কিছু খাওয়ার ইচ্ছা হয়, তাহলে বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পাটওয়ারী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কিছু কর্মী প্রকাশ্যে মাদক সেবন করছে এবং তাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আজ যে কর্মীকে মাদক দেওয়া হচ্ছে, কাল সেই কর্মীই আপনাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে। তাই কর্মীদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানাচ্ছি।”

অনলাইনে গেমস ও সামাজিক প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, মাঠে যারা আন্দোলনে নামতে পারছে না, তারা ঘরে বসেই গেমসসহ বিভিন্ন মাধ্যমে সমাজের চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তার ভাষায়, “সব জায়গাতেই এখন প্রতিরোধ শুরু হয়ে গেছে।”

নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, রাতের আঁধারে তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড থাকার কথা থাকলেও একজন ব্যক্তি শত শত বিলবোর্ড টানিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পাটওয়ারীর প্রশ্ন, “এই বিপুল অর্থ আসে কোথা থেকে—মাদক ব্যবসা না চাঁদাবাজি থেকে?”

তিনি আরও জানান, তার প্রচারণার অর্থ এসেছে জনগণের অনুদান ও ক্রাউড ফান্ডিং থেকে। সেই অর্থেই সীমিত পরিসরে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে, যেগুলোও রাতের বেলায় খুলে নেওয়া হচ্ছে। এ সময় নির্বাচন কমিশন, প্রশাসন ও বিএনপির মধ্যে যোগসাজশের অভিযোগও করেন তিনি।

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এসব সহ্য করা হবে না। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ তারিখে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে ঢাকা-৮সহ সারা দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই—যেখানে কেন্দ্র দখলের সংস্কৃতি থাকবে না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top