বরিশালের বেলস পার্কে তারেক রহমানের জনসভা শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬
দীর্ঘ প্রায় দুই দশক পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সমাবেশকে ঘিরে বেলস পার্ক মাঠজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে পুরো মাঠ। ব্যানার-ফেস্টুন, স্লোগান ও মিছিলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে সাজ সাজ রব।
জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন।
এদিকে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুরসহ বিএনপি ও জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দীর্ঘদিন পর তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।