বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮

বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি সফরে সড়কপথের পরিবর্তে হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের এসব জেলায় যাবেন তারেক রহমান। সফরের তারিখ নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত হয়নি সময়সূচি। নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

এই সফরে তিন জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের সমর্থনে জনসভায় অংশ নেবেন তিনি।

এছাড়া সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top