ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শেষ প্রস্তুতি জানালেন রিজভী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৩
আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের শেষ সপ্তাহকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপি জোর প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনের শেষ প্রস্তুতি ও কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আর রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, শেষ জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। এছাড়া তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এবং দেশের মানুষ ‘ধানের শীষ’কে শুধুমাত্র প্রতীক নয়, আবেগ হিসেবে গ্রহণ করেছে। তাই মানুষ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত ভোটে অংশ নেবে। রিজভী নির্বাচনী প্রচারণার প্রসঙ্গে উল্লেখ করেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না; যা কিছু দেখছি, শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।