বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু, উপস্থিত হয়েছেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল ইশতেহার ঘোষণা করবেন।
ইশতেহারের মূল বিষয়গুলোতে ফোকাস করা হয়েছে দুর্নীতি দমন, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন, এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। বিএনপির সূত্র মতে, ইশতেহারটি দলটির 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা', প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের '১৯ দফা', বেগম খালেদা জিয়ার 'ভিশন-২০৩০' এবং 'জুলাই জাতীয় সনদ'-এর সমন্বয়ে তৈরি করা হয়েছে।
এই নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা খাতসহ জনগণের জন্য অগ্রাধিকারমূলক নানা প্রকল্পকে। এছাড়াও, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিচার’ এবং ‘শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত’কেও গুরুত্ব দেওয়া হয়েছে।
জনমুখী বিষয় হিসেবে খতিব-ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানীর মতো ইস্যুগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারের চূড়ান্ত বিষয়বস্তুতে নারী ও তরুণদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলোও আলোচনায় এসেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।