ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ৫১ দফার ইশতেহার ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ৫টি ভাগে বিভক্ত ৯টি প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার ঘোষণা করেন। এটি তারেক রহমানের ঘোষিত প্রথম নির্বাচনী ইশতেহার।
ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানের মাধ্যমে রাষ্ট্রসংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতি—এই পাঁচটি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের পরিকল্পনায় মোট ৫১টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপির ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইশতেহারে বিএনপি ক্ষমতায় গেলে যে ৯টি মূল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, সেগুলো হলো—
১. ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা।
২. কৃষক কার্ড: কৃষকদের ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও বাজারজাতকরণে রাষ্ট্রীয় সহায়তা; মৎস্য ও খামার খাতও অন্তর্ভুক্ত।
৩. স্বাস্থ্যখাত: এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও মা-শিশু স্বাস্থ্যসেবা জোরদার।
৪. শিক্ষাব্যবস্থা: দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব, প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু।
৫. তরুণ কর্মসংস্থান: কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ।
৬. ক্রীড়া উন্নয়ন: জেলা-উপজেলায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ।
৭. পরিবেশ ও জলবায়ু: ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
৮. ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা।
৯. ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু, ই-কমার্স হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ।
বিএনপি তাদের ইশতেহারকে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি “নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি” হিসেবে উল্লেখ করেছে। দলটি জানিয়েছে, প্রতিশোধ নয়—ন্যায়, মানবিকতা, সুশাসন ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারই তাদের মূল লক্ষ্য।
বিএনপির ইশতেহারের তিনটি মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে—
-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন
-
বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০
-
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন সম্পাদক, উপদেষ্টা, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতীতে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির ইশতেহার ঘোষণা করতেন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।