শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড দেওয়ার অঙ্গীকার তারেক রহমানের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে দেশের দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগ কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার–২০২৬ উপস্থাপনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এই কার্ড চালু করা হবে। বর্তমানে দেশে প্রায় দেড় কোটি মানুষ সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত—তাদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে।

তিনি আরও জানান, একজন কৃষককে ৫ থেকে ৭ বছর পর্যন্ত বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দিয়ে সহায়তা করা হবে, যাতে তারা ধীরে ধীরে নিজেদের সম্পদ বৃদ্ধি করতে পারেন।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত কৃষকরাও এই কার্ডের আওতায় আসবেন। কৃষক কার্ডের সঙ্গে একটি ডিজিটাল অ্যাপ সংযুক্ত থাকবে, যেখানে আবহাওয়ার পূর্বাভাস, ফসলের রোগ-বালাই শনাক্তকরণ এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ পাওয়া যাবে। একই সঙ্গে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ভাতা ও সরকারি সহায়তাও সরাসরি প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, এসব উদ্যোগের মাধ্যমে কৃষক ও নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top