বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় সফর করবেন। সফরের সূচিতে রয়েছে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলা। জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি দিনাজপুরে তিনি তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
সফরের শুরুতে ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় এ জনসভা ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে।
দলীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের আশা, তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দিনাজপুরের বিরামপুরে যাবেন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিরামপুর তারেক রহমানের নানার বাড়ির এলাকা হওয়ায় সফরটি ঘিরে সেখানে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ৭ ফেব্রুয়ারির জনসভাগুলোতে জনসমাগমের মাধ্যমেই প্রমাণিত হবে।”
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।