শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নির্বাচিত হলে আ.লীগ নিষিদ্ধের আদেশ তুলে নেওয়ার দাবি জানাবেন জাতীয় পার্টির মহাসচিব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তার দল নির্বাচিত হলে সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে জারি করা নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবি উত্থাপন করা হবে। তিনি এই নিষেধাজ্ঞাকে আইন এবং সংবিধানবিরোধী আখ্যায়িত করে বলেন, “একমুখী নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শামীম পাটোয়ারী বলেন, “যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত। তবে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সংবিধানসম্মত নয়।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে দেশকে একটি পূর্বপরিকল্পিত, একমুখী নির্বাচনের দিকে ঠেলছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে সাধারণ জনগণের ভোটাধিকার গুরুত্বহীন হয়ে পড়েছে।

অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বিএনপির সঙ্গে জোট করতে না পেরে জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে। এনসিপি আর জামায়াত একই সত্তা।’ তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী নিয়মিত অপপ্রচার চালাচ্ছে।

ভোটারদের উদ্দেশ্যে শামীম পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে। জনগণের শক্তিতে আমরা প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।”

তিনি উল্লেখ করেন, “জামায়াত নিষিদ্ধের সময়ও আমরা এর বিরোধিতা করেছি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।”

পথসভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top