আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য:ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৬
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। মানুষ চাঁদাবাজ ও মামলাবাজদের ভয়ে অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া গ্রাস করেছে।” তিনি প্রশ্ন করেন, “এই বাংলাদেশ কি সবাই চেয়েছে?”
তিনি বলেন, দেশে অসৎ নেতৃত্বের কারণে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। নির্বাচনের সময় সরকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসে, কিন্তু নির্বাচনের পর তা বাস্তবায়িত হয় না।
জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় আসলে তারা সব ধর্মের উৎসব নিরাপদে পালন নিশ্চিত করবে। “ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। ৫ আগস্টের পর যেসব ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে জামায়াত, তা আমরা চালিয়ে যাব। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত হতে দেব না,” তিনি জানান।
সভায় জেলা জামায়াত আমির মাওলানা কাজী মুখলিছুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় ডা. শফিকুর রহমান সিলেট জেলার চারটি আসনে জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন খেলাফত মজলিশ কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।