শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না, অভিযোগ মির্জা আব্বাসের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০০

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটি অভিযোগেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বলেন, “নির্বাচন কমিশনের এমন আচরণ খুবই দুর্ভাগ্যজনক।”

তিনি আরও অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলের বক্তব্য ও আচরণে মনে হচ্ছে তারা আগেই নির্বাচন জিতে গেছে বলে ধরে নিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বহু বছর ধরে নির্বাচনে অংশ নিচ্ছি, কিন্তু কখনোই আমরা আগে থেকে বলতে পারিনি যে আমরা জিতে গেছি। অথচ তারা কীভাবে এমন দাবি করছে—এটা বোধগম্য নয়। জনগণই ঠিক করবে কাকে ভোট দেবে।”

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলেও এতে পক্ষপাতিত্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তার ভাষায়, “এই পক্ষপাতিত্ব অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।”

মির্জা আব্বাস আরও বলেন, ভুয়া ফলাফলের মাধ্যমে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের চক্রান্ত উপেক্ষা করে নির্বাচনের দিন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top