তারেক রহমানের পক্ষে গণসংযোগে কন্যা জাইমা রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (তারিখ) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান জাইমা রহমান।
গণসংযোগকালে তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আগত সাধারণ ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।
ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
এ সময় তাকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবেও বীজ বিতরণ করতে দেখা যায়। তিনি জানান, এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।
গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।