আবারও হত্যার হুমকি পেলেন এনসিপির আখতার হোসেন, থানায় জিডি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন মোবাইল ফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতেই তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
আখতার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, আর এ ঘটনারও সেই অংশ হতে পারে।
জিডিতে উল্লেখ করা হয়, ঘটনাটি ঘটেছে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে। রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় দাবি করেন, তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রকাশ্য ও গোপনে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ভয় দেখানো, উড়ো কথা বলা বা প্রাণনাশের হুমকির মাধ্যমে তাদের জয়যাত্রাকে থামানো যাবে না।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, সাধারণ ডায়েরি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো এক চিঠিতেও আখতার হোসেন হত্যার হুমকির অভিযোগ করেছিলেন।
রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী’র প্রগতি বর্মণ তমা (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে ৯৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।