রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নয়নকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪

সংগৃহীত

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রবিবার (৮ ফেব্রুয়ারি) যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "নয়ন তুমি ভালো হয়ে যাও।" এ সময় নির্বাচনী প্রচারণা চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, "ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তবে নয়নকে চুপ করানো উচিত। নয়ন যত বেশি কথা বলবে, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে।"

নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, "আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। প্রশাসনকে বলবো আমার পরিবার এবং আমার নিরাপত্তার ব্যবস্থা করতে।"

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) নয়ন নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী অফিসে গিয়ে তার বাসার ঠিকানা জানতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে সেবা নিতে তার সঙ্গে যোগাযোগ করা যায়। নয়ন বলেন, "নাসীরুদ্দীন যদি সংসদ সদস্য হন, তখন আমার কোন সমস্যায় তার কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে। সেজন্যই তার ঠিকানাটা জানা প্রয়োজন।"

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। শনিবার রাজধানীর কাকরাইলে 'হক ক্যাসেল' ফ্ল্যাট মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, "সরকারের কিছু মহলে নির্দিষ্ট প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য তালিকা তৈরি করা হয়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পক্ষপাতিত্ব বা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও ভেতরে ভেতরে পক্ষপাতিত্ব চলছে, যা উদ্বেগজনক।"

ঢাকা-৮ আসনের এই উত্তেজনার মধ্যে ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা উভয় পক্ষই তুলে ধরেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top