রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই: মেজর হাফিজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৮

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস নিয়ে জামায়াতে ইসলামীর বক্তব্য জনগণ গ্রহণ করবে না। তিনি বলেন, স্বাধীনতার কথা আমরা জামায়াতের কাছ থেকে নয়, মুক্তিযোদ্ধাদের মুখ থেকেই শুনতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, সারা বিশ্ব জানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সেই বাস্তবতার ওপর অন্য কাউকে প্রতিষ্ঠা করার চেষ্টা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চার দিন পর অনুষ্ঠেয় নির্বাচনটি তার রাজনৈতিক জীবনের দশম নির্বাচন। অতীতের কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, এবার নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে সুষ্ঠু। আইনশৃঙ্খলার বড় কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে যখন দেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করছিল, তখন জামায়াত পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছিল। এই ইতিহাস দেশের মানুষ সহজে ভুলে যাবে না। তার মতে, স্বাধীনতাকামী জনগণ কখনোই জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় বসাবে না।

তিনি আরও বলেন, অতীতে জামায়াত সীমিতসংখ্যক আসন পেয়েছে এবং ভবিষ্যতেও তারা হয়তো কিছু আসন পেতে পারে, তবে রাষ্ট্রক্ষমতায় যাওয়া বা বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের পক্ষে সম্ভব নয়।

নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মেজর হাফিজ বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে প্রস্তুত। বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। জনগণের রায়েই আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top