ইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুট সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৬
রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী–বালুঘাট হয়ে জসীমউদদীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণাও দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, পুরো ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি ঢাকা চাই, যেখানে মা-বোনেরা যে কোনো সময় নিশ্চিন্তে চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।”
ঢাকায় খেলার মাঠের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যেখানে শিশুদের পাশাপাশি বিকেলে বয়স্ক ও নারীরাও হাঁটাচলা করতে পারবেন। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এলাকার অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসীমউদদীন পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে প্রশস্ত করার দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট নিরসনে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হবে।
তিনি আরও বলেন, “আমি এই এলাকারই সন্তান। শৈশব থেকে এখানেই বড় হয়েছি, আমার সন্তানদের জন্মও এই এলাকাতেই। তাই এখানকার মানুষের সুখ-দুঃখ আমি গভীরভাবে অনুভব করি।”
বক্তব্যের শেষ অংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।