মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

জয়ী হলে ঢাকা-৮ আসনকে মদিনার মতো গড়ে তোলা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫

ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার মতো আধুনিক ও সুশৃঙ্খল এলাকায় রূপান্তর করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনি গণসংযোগ শেষে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগের আগে নাসীরুদ্দীন পাটওয়ারী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় তিনি বলেন, “ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে।”

নির্বাচনি প্রচারে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত একটি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দল। এনসিপি ও জামায়াত উভয়ই দেশ গঠনে একসঙ্গে কাজ করবে।”

পাটওয়ারী প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সহযোগিতা করতে হবে।

সংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি শাহবাগ এলাকায় ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি শোনেন।

ঢাকা-৮ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top