জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্টের খবরে মায়ের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদ। হামলায় তার একটি চোখ মারাত্মকভাবে জখম হয়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনার খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা মাজেদা বেগম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন ও জামায়াতে ইসলামীর কর্মী ফারুক হোসেনকে আটক করেন ধানের শীষের নেতাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয় বলেও অভিযোগ রয়েছে।
আটক দুইজনকে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার পারশন গ্রামের বাড়িতে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে করে লাঠিসোঁটা হাতে জামায়াতের কর্মী-সমর্থকেরা মাসুদ রানার বাড়িতে হামলা চালায়।
হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় মাসুদ রানা গুরুতর আহত হন। পরে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে তার মা মাজেদা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার চেষ্টা করলেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।