দেশকে দুর্নীতিমুক্ত করার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে দুর্নীতির কবল থেকে মুক্ত করার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। তিনি দাবি করেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার সময় বাংলাদেশ দুর্নীতির তকমা বহন করছিল, তবে ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছাড়ার সময় সেই তকমা দেশ থেকে মুছে যায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের পক্ষে এই পথসভার আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে যে মাত্রায় দুর্নীতি বেড়েছে, তা থেকে বাংলাদেশকে বের করে আনতে হলে অভিজ্ঞ নেতৃত্ব দরকার, যা কেবল বিএনপির কাছেই আছে। বিএনপি অতীতে প্রমাণ করেছে—দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিল। কাউকে তদন্ত করতে সরকারের কোনো অনুমতির প্রয়োজন ছিল না। এই সাহসিক সিদ্ধান্তের কারণেই দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পেরেছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারত। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পেরেছেন, নারীরাও নিরাপদ পরিবেশে জীবনযাপন করেছেন।
তারেক রহমান বলেন, বিএনপির অভিজ্ঞতা রয়েছে কীভাবে দুর্নীতি দমন করতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হয়, কর্মসংস্থান সৃষ্টি করতে হয় এবং নারীদের শিক্ষা বিস্তারে কার্যকর উদ্যোগ নিতে হয়। দেশ পরিচালনার জন্য সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন, আর সেই পরিকল্পনা বিএনপির রয়েছে।
তিনি আরও দাবি করেন, আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে।
পথসভায় তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, কালভার্ট ও হাসপাতাল সংস্কার, নতুন অবকাঠামো নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।