শীর্ষ দুই প্রার্থী নিজের আসনে ভোট দিতে পারছেন না
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন নিজের আসনে ভোট দিতে পারছেন না। দুজনের ভোটার তালিকা ঢাকায় হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের হলফনামায় উল্লেখিত বর্তমান ও স্থায়ী ঠিকানা উত্তরা, ঢাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার ভোটকেন্দ্র উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর হলেও বর্তমানে তিনি ঢাকার ভোটার। তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
আখতার হোসেন জানান, তিনি ভোটার আবেদনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী, বর্তমান ঠিকানার ভিত্তিতে তার নাম ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তিনি ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, তবে নির্বাচন কমিশন থেকে সহযোগিতা পাননি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে রংপুরে জেলার ৬টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগ থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ সারি ও সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।