সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১

খন্দকার মোশাররফ হোসেন।  ছবি: সংগৃহীত

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভিন্ন নেতার নাম উঠে এসেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে বিবেচিত হচ্ছেন। একই সঙ্গে দলের অন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর নামও আলোচনায় থাকলেও, দলভিত্তিক একটি সূত্র জানাচ্ছে তাঁকে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। বিকেলে হবে মন্ত্রিসভার শপথ গ্রহণ।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নির্বাচনের পর দায়িত্ব পালনের পাশাপাশি পদ থেকে সরে যেতে আগ্রহী। সাংবিধানিক মেয়াদ অনুযায়ী তার পদকাল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও তিনি সেই সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন না।

৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে চারবার সংসদ সদস্য ছিলেন এবং বিভিন্ন সময় জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেন দলের কার্যক্রমে কিছুটা কম সক্রিয় থাকেন, যাতে তাঁকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। অন্যদিকে নজরুল ইসলাম খান সম্প্রতি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এবং খালেদা জিয়ার জানাজায় দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন।

নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভার শপথের সঙ্গে সঙ্গে এর চূড়ান্ত চিত্র আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top