বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন সংসদ সদস্য একটি আসনই ধরে রাখতে পারেন।

সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ)-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারবেন। তবে ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে—তিনি কোন আসনটি রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এতে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল ভোট ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top