মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯

তারেক রহমান ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পছন্দ অনুযায়ী জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই আয়োজন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় নির্মাণ করা হয়েছে বিশাল অস্থায়ী মঞ্চ ও ভিভিআইপি জোন। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবন মেরামত করে নতুন সাজে সাজানো হয়েছে। দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপিত হবে।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে তিন ধাপে ১০০ জন করে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও প্রজ্ঞাপন জারি করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানিয়েছে, আজ খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা নির্বাচিত হচ্ছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়েই শেষ হলো একটি ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন অধ্যায়।

আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কারের নতুন রাজনৈতিক পথচলা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top