আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:৫৪

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাবিশ্বের সভ্য দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চান।

তিনি বলেন, “একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশী।”

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই সবকিছু নিয়ে হস্তক্ষেপ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনটি হাইজ্যাক হয়ে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলমুক্ত করেছেন বাংলাদেশকে। কেউ বাংলাদেশ থেকে সবকিছু নিয়েও হস্তক্ষেপ করতে চাইলে, চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে। আমরা আশা করবো, অতীতের চাইতেও আগামী দিনে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top