বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

অশালীন মন্তব্যের অভিযোগে আমির হামজার বিরুদ্ধে আবারও উকিল নোটিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৭

সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত-সমর্থিত সংসদ সদস্য আমির হামজাকে আবারও উকিল নোটিশ পাঠানো হয়েছে। এবার কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নুরুল এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক এক বক্তব্যে আমির হামজা তাকে ‘ফজু পাগলা’ বলে উল্লেখ করেন এবং তাকে মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন। পাশাপাশি আরও আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আনা হয়।

আইনজীবীর পাঠানো নোটিশে দাবি করা হয়, এসব মন্তব্য ইচ্ছাকৃতভাবে ফজলুর রহমানকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে, যার ফলে তার সামাজিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে। নোটিশে আরও বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে বক্তব্যের সন্তোষজনক ব্যাখ্যা না দিলে এর সম্পূর্ণ দায়ভার আমির হামজাকে নিতে হবে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের অভিযোগে আমির হামজাকে একাধিক উকিল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি জ্বালানি মন্ত্রীকে নিয়ে মন্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top