রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

আন্দোলন থামাতে শেখ হাসিনা ৫০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল: রিফাত রশিদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭

সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলন দমিয়ে দিতে ক্ষমতাসীন সরকারের একজন সংসদ সদস্যের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন-এর সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিফাত রশিদ বলেন, “ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাদের বড় ভাইয়েরা যখন ডিবি অফিসে ছিলেন, তখন আন্দোলন থামানোর জন্য শেখ হাসিনার এক এমপির মাধ্যমে প্রত্যেককে ৫০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।”

তবে একই সংবাদ সম্মেলনে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগও প্রত্যাখ্যান করেন। তার দাবি, সরকারের দেওয়া অনুদান গোপন করা বা অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অডিট ফার্মের মাধ্যমে সব ব্যয়ের হিসাব যাচাই করা হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সেই অডিট রিপোর্ট গ্রহণ করেছে। তাই এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনগত পদক্ষেপ নেবেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, পুরো অর্থের হিসাব স্বচ্ছভাবে রাখা হয়েছে এবং অডিট শেষে তা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া হয়েছে, যা তারা গ্রহণও করেছে।

তিনি আরও বলেন, যদি কোনো অনিয়ম থাকত, তাহলে কেন্দ্রীয় ব্যাংক এতদিন নিশ্চুপ থাকত না।

এদিকে এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top