পদ্মায় বাসডুবিতে মা-ভাগনেসহ প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৩৫
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসডুবির ঘটনায় মা-ভাগনেসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রাইয়ান মারা গেছেন। তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত আহনাফ রাইয়ান জাবির অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় তার মা রেহেনা আক্তার (৫৮) ও ভাগনে মো. তাজবিদও প্রাণ হারিয়েছেন। তবে তার বড় বোন ডা. নুসরাত জাহান খান সাবা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।
আহনাফ রাইয়ান রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি রাজবাড়ি ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাবি ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছিলেন।
রাইয়ানের মামা আওয়াল আনোয়ার জানান, ঈদের ছুটি শেষে রেহেনা আক্তার, ভাগনে রাইয়ান ও ভাগনি ডা. সাবা ঢাকার বাসায় ফিরছিলেন। ডা. সাবা বাস থেকে বের হতে পারলেও আর কেউ বের হতে পারেননি।
রাজবাড়ি ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, ছোটবেলা থেকে আহনাফ রাইয়ান মেধাবী ছিলেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি বিতর্কে সক্রিয় ছিলেন এবং বিশ্ববিদ্যালয়েও দারুণভাবে বিতর্কে অংশগ্রহণ করতেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৫০ যাত্রী নিয়ে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটি পানিতে তলিয়ে যায়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।