বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৩ যাত্রীর

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৩:০৪

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান ও শনাক্তকরণের পর ২৩ জনের পরিচয় নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৭ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৩ জন মেয়ে ও ৪ জন ছেলে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২২ জনের মরদেহ ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৫ মার্চ) বিকেলে, যখন সোহাদ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাত ঘণ্টা অভিযান চালানোর পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গভীর রাতে বাসটিকে নদী থেকে তোলার কাজ সম্পন্ন করে।

ফেরিতে উদ্ধারকৃত সব মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের দ্রুত যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের অনুরোধ করা হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং রাজবাড়ী জেলা প্রশাসন পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top